এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন নিয়ে নতুন নির্দেশনা
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দ্রুত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠাতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি করা এক অফিসিয়াল চিঠিতে অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ইএমআইএস সিস্টেমে লগইন করে ফেব্রুয়ারি মাসের এমপিও বিল অনলাইনে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা না দিলে শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটি পদ্ধতিতে প্রেরণ করা সম্ভব হবে না।
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএসের এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য বিধি অনুযায়ী প্রাপ্য বেতনের হিসাব নির্ধারণ করতে হবে। এরপর বিল সাবমিট করে তার একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো জটিলতা দেখা দিলে তা প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়।
এছাড়া, কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসে প্রাপ্যতার ভিত্তিতে বিল তৈরি করতে হবে। একইভাবে সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বেতন কর্তন বা বন্ধের প্রয়োজন হলে তা বিল সাবমিটের সময় উল্লেখ করতে বলা হয়েছে।
মাউশির নির্দেশনায় আরও বলা হয়, শুধুমাত্র আইবাসে যাচাইকৃত বৈধ জনবল তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত রয়েছে। যেসব তথ্য এখনও ভুল বা অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সংশোধন ও যাচাই শেষে পরবর্তীতে যুক্ত করা হবে।
চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
Comments
Post a Comment